ফুরফুরে মেজাজে পরীমনি

নিজস্ব প্রতিবেদক: এখন পর্যন্ত কোনো সিনেমা হিট না হলেও নানা ইস্যুতে বছরজুড়েই আলোচনা, সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়িকা পরীমনি। তবে স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠানোর পর আপাতত কোনো চর্চায় নেই তিনি। বলা চলে অনেকটা আরাম-আয়েশেই সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একমাত্র সন্তানকে নিয়েই তার সময় কাটছে এখন। হাতে যেগুলো কাজ ছিল, সেগুলোর বেশির ভাগই এরই মধ্যে সেরে ফেলেছেন। অচিরেই অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব ফিল্মের শুটিং করবেন বলে জানান পরী। এ অভিনেত্রী আরও জানান, রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় অভিনয়ের সম্ভাবনাও রয়েছে। আগামী দেড় বছরের শুটিংয়ের পরিকল্পনা করে ফেলেছেন তিনি।

পরীমনি বলেন, ‘একজীবনে এত ভালোবাসা পেয়েছি, সত্যিই অদ্ভুত লাগে। আমার কাছের মানুষ, ভক্ত ও দর্শকরা চান বেশি বেশি সিনেমা করি। তারা ভালোবাসে বলেই চান। তাদের ভালোবাসা আসলেই অন্যরকম। প্রচণ্ড উৎসাহ দেয় তারা। একটি কথা শেয়ার করি- আগে নানারকম বিরূপ মন্তব্য করতেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন করেন না। ইতিবাচক মন্তব্য করেন। মানুষ ফেসবুকের ম্যাসেঞ্জার ভরিয়ে ফেলেন যদি বাবুর ছবি না দিই। অসংখ্য মেসেজ আসে। তারা বলেন, কেন বাবুর ছবি দিচ্ছি না। তারা আমার চেয়ে বাবুর খোঁজ বেশি নেন। বাবুর কথা জানতে চান। মা হিসেবে এটা ভালো লাগে। আমার সন্তানকেও মানুষ এত ভালোবাসে! অবাক হই। মনটা ভরে যায়।’

অভিনেত্রী আরও বলেন, ‘অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টি তা না। আমি হারিয়ে যাইনি। আমি ঢাকাই সিনেমায় আছি, ভালোভাবেই আছি। মা হয়েছি, তাই বিরতি নিয়েছিলাম। নতুন করে কাজে ফিরেছি। পরীমনি হারিয়ে যায়নি। মানুষ আমাকে চেনেন, ভালোবাসেন।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন