ঈশ্বরদীতে অধ্যক্ষের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে কলেজ অধ্যক্ষের ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে খোয়া যাওয়া তিন লাখ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হলেন - বেলাল হোসেন (৫১), মামুন বিশ্বাস (৩৮),  কামাল শেখ (৪৩), কির হোসেন (৪৬) ও  আলমগীর কাজী (৫২)।

বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির এসব তথ্য জানান। তিনি বলেন, সৈয়দপুর সাওদিয়া ও প্রিমিয়ার হোটেলে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের মতো নানাবিধ অপরাধ করে আসছিলেন।

দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম তাঁর নিজের বকেয়া ৮ মাস ১৩ দিনের এরিয়া ভাতা ও সেপ্টেম্বর মাসের বেতন উত্তোলনের জন্য ৯ অক্টোবর দুপুরে ঈশ্বরদী বাজারের সোনালী ব্যাংক শাখায় আসেন। সেখান থেকে ৪ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেন ও নিজ পকেটে ৮ হাজার টাকা রাখেন। বাকি ৪ লাখ ৮০ টাকা কলেজ ব্যাগে রেখে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার জন্য রওনা দেন। তাঁর মোটরসাইকলেটি সোনালী ব্যাংকের প্রধান গেট পার হওয়ার সময় সেখানে থাকা চার—পাঁচজন জন অপিরিচিত মানুষ হঠাৎ তাঁর গতিরোধ করে মোটরসাইকেল সামনে দাঁড়ায় ও পেছন থেকে কয়েক ব্যক্তি এসে মোটরসাইকেলে রাখা ব্যাগটি ছিনতাই করে দ্রুত চলে যায়।

ওই ঘটনায় কলেজের অধ্যক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন