আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম-ফেরদৌস

ট্রেনে করে পদ্মা পাড়ি দিলেন ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক: অভিনয় জীবন থেকে রাজনৈতিক মঞ্চ- সব জায়গায় ব্যস্ত থাকতে দেখা যায় দেশের তারকা ফেরদৌস আহমেদকে। তবে তিনি দেশের বাইরে ওপার বাংলাতেও সমান জনপ্রিয়। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ফেরদৌস অভিনীত সুজন মাঝি সিনেমাটি। তবে ফেরদৌস এখন পুরোপুরি রাজনীতি নিয়ে ব্যস্ত। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে তিনি যেকোনো জায়গা থেকে নির্বাচন করতে চান।

এ কারণে প্রায়ই তাকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়। যেমন- ১০ অক্টোবর মঙ্গলবার তিনি ছিলেন পদ্মা সেতুর রেললাইন উদ্বোধনী অনুষ্ঠানে। টিকিট কেটে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন ১০ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টার দিকে ট্রেনে করে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান বাংলা সিনেমার নায়ক ফেরদৌস আহমেদও।

১০ অক্টোবর মঙ্গলবার সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেরদৌস। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

এদিন দুপুর পৌনে ১টার দিকে ট্রেনে পদ্মা পার হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেলস্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা হয়ে ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মাওয়া পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।

পদ্মা সেতুতে রেল চলাচলের মাধ্যমে রেলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এল রাজধানী ঢাকার কাছাকাছি। রেলপথে ঢাকা-খুলনার দূরত্ব কমল ২১২ কিলোমিটার। স্বল্প সময়ে যাত্রী ও পণ্য পরিবহনে সম্ভাবনার দুয়ার খুলে গেল এটি উদ্বোধনের মাধ্যমে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন