স্কুলপাড়ায় ঈশ্বরদীর সর্ববৃহৎ শারদোৎসবের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী শহরের স্কুলপাড়ায় বারোয়ারী পূজা কমিটি আয়োজন করতে যাচ্ছে ঈশ্বরদী উপজেলা সর্ববৃহৎ শারদোৎসবের৷ 

আগামী ২০ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। 

স্কুলপাড়া বারোয়ারী পূজা কমিটির মিডিয়া কমিউনিকেশনস এ্যান্ড প্রেস উইংয়ের প্রধান অপুর্ব চৌধুরী জানান, বছর প্রতিক্ষার শেষে আবারও এসেছে শারদ। প্রকৃতিতে শিউলির সুভাস আর শরতের শুভ্রতায় প্রাণে জেগেছে পূজার আমেজ। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। শহরের স্কুলপাড়ায় চলছে প্যান্ডেল নির্মাণের জোর প্রস্তুতি, এটি একটি ধর্মীয় এবং সার্বজনীন উৎসব। বিগত পাঁচ বছর ধরে এখানে অস্থায়ী পূজা প্যান্ডেলে দূর্গাপূজা আয়োজন হয়ে আসছে। এবার পূজা  আয়োজনের অস্থায়ী প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে অধ্যাপক উদয় নাথ লাহিড়ীর বাসভবনের আঙ্গিনায়। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে আয়োজন উপভোগ করতে আসেন স্কুলপাড়ায়। পূজার চার দিন সন্ধ্যার পরে বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে।  এছাড়া পূজা অর্চনার পরে প্রতিদিন নানান ধরণের সামাজিক আয়োজন হবে। 

আগামী ২০ অক্টোবর শুক্রবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত পাঁচদিন ব্যাপী এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা,  রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রেসক্লাবসহ সাংবাদিকবৃন্দ। 

এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে দূর্গাপূজা এবং সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানে স্কুলপাড়ার এই বৃহৎ আয়োজন। বিভিন্ন অতিথির আগমন উপলক্ষ্যে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পূজা প্যান্ডেলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো পূজা এলাকা সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। 

আমরা চাই এবং আশাবাদী ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়কে একটি সুন্দর, মনোরম পরিবেশে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের পরিপূর্ণ আমেজ দিতে।' 

সকলে আমন্ত্রণ জানিয়ে এই পূজা প্যান্ডেলকে উৎসব মুখক করার অঙ্গীকার জানান তিনি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন