নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সোমবার থেকে বাস চলাচল শুরু হয়েছে। বেলা ১১টা ২৭ মিনিটে ফার্মগেটের খেজুর বাগান বাসস্ট্যান্ড থেকে যাত্রী ও সাংবাদিক নিয়ে বিআরটিসির একটা বাস বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।
এখন থেকে এ পথে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসগুলো চলবে। আজ সারা দিন চলবে বিআরটিসির আটটি দ্বিতল বাস। এগুলো ফার্মগেট–বিমানবন্দর রুটে চলবে বিরতিহীনভাবে। এ ক্ষেত্রে যাত্রীদের বর্ধিত ভাড়া দেয়া লাগবে না।
বাস চালু করার সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব আমিন এ বি এম আমিন উল্লাহ নুরী ও বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠা-নামা করতে পারবেন যাত্রীরা। জসীমউদ্দীন অ্যাভিনিউ, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের নিয়ে বিআরটিসির বাস এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও না থেমে ফার্মগেটে নামবে। ফার্মগেটে যাত্রী নামিয়ে বিমানবন্দর, উত্তরা অভিমুখী যাত্রীদের তুলবে সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বর, খামারবাড়ি কিংবা বিজয় সরণি থেকে; যা গণপরিবহনের নতুন একটি রুট হবে।
প্রসঙ্গত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই পথে ১৬ বা এর বেশি আসনের পরিবহনের টোল ১৬০ টাকা।

