নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা দেওয়া হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। এতে এটাই প্রমাণ হয়, আওয়ামী লীগ সরকার জনদরদি সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা।
কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৪০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাষকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএফপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

