নিজস্ব প্রতিবেদক: ডিম, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং প্রতিটি ডিম সর্বোচ্চ ১২ টাকায় পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ ছাড়া সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। প্রতি কেজি বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেন। বৈঠকে কৃষি সচিব উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে সীমিত আকারে আমদানি করা হবে। ১২ টাকার বেশি দামে বিক্রি হলে, তখন বেশি পরিমাণ আমদানি করা হবে বলে জানান তিনি।

