ঈশ্বরদীতে শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে এক কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মমিন উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার দাশুরিয়া ইউনিয়নের গাফফার প্লাজায় ওই শিক্ষার্থী ফটোকপি করতে গেলে পাশের কনফেকশনারি দোকানদার তার শ্লীলতাহানির চেষ্টা করেন। আটক মমিন উদ্দিন দাশুড়িয়ার হঠাৎপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজ শিক্ষার্থী ঘটনার সময় গাফফার প্লাজার ফটোকপির দোকানে ফটোকপি করতে যায়। ফটোকপির দোকান বন্ধ থাকায় পাশের কনফেকশনারি দোকান মালিক মমিন উদ্দিন তাকে তার দোকানের ভেতর বসতে বলেন। এ সময় দোকানদার তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

গাফফার প্লাজা মার্কেট মালিক সজল মালিথা জানান, ঘটনা শুনে তিনি মার্কেটে যান। দোকানদার মমিনের বাবাকে ডেকে আনা হয়। পরে মমিন ওই শিক্ষার্থীর কাছে ক্ষমা চান।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন