রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন

মো. সাহাবুদ্দিন ও জো বাইডেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক বার্তায় তিনি সাহাবুদ্দিনকে এ অভিনন্দন জানান।

বৃহস্পতিবার বঙ্গভবন প্রেস উইং এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বাইডেনের পাশাপাশি আলাদা বার্তায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমারত টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এলেন বারসেটও অভিনন্দন জানিয়েছেন সাহাবুদ্দিনকে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাপানের সম্রাট নারুহিতো, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব।

তাদেরও আগে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

নির্বাচন কমিশন থেকে সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণার পরই তাকে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি।

মো. সাহাবুদ্দিন গত ২৪ এপ্রিল দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন