নিউ মার্কেটের আগুন নাশকতা কি না, খতিয়ে দেখা দরকার: ফায়ার সার্ভিসের ডিজি

শনিবার নিউমার্কেটে অগ্নিকাণ্ড পরবর্তী সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক: ‘ঈদের আগে কেন রাজধানীর মার্কেটগুলোতে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে, তা খতিয়ে দেখা দরকার’ বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার সকালে নিউ মার্কেটের ৪ নম্বর গেটের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাইন উদ্দিন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ জানাব, তারা যেন বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখেন।’

মো. মাইন উদ্দিন বলেন, ‘ঈদের আগ মুহূর্তে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে, এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণও অনেক বেশি। বারবার এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি-না, তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।’

ডিজি বলেন, ‘ঈদের ঠিক আগে, অধিকাংশ আগুন ভোরে ঘটছে। ব্যবসায়ীরা অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাথা কি-না? নাশকতা কি-না? তা খতিয়ে দেখা হবে।’

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ভলান্টিয়ারসহ আমাদের ১২ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, মানুষের জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে।’

ফায়ার সার্ভিসের ডিজি এ সময় আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। সকাল ৯টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার সার্ভিসের কর্মীরা।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন