বিআরটিএর হিসাবে মার্চে সড়ক দুর্ঘটনায় ৪১৫ মৃত্যু

একটি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসে সারাদেশে ৩৮৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৫ জন। আহত হয়েছেন ৬৮৮ জন। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তার বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন তৈরি করেছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের সংখ্যা ৫৩৬টি। এর মধ্যে মোটরকার ১০টি (১ দশমিক ৮৭ শতাংশ), বাস ৮৭টি (১৬ দশমিক ২৩ শতাংশ), পিকআপ ভ্যান ৩০টি (৫ দশমিক ৬০ শতাংশ), অটোরিকশা ৪৮টি (৮ দশমিক ৯৬ শতাংশ), ট্রাক ১০৩টি (১৯ দশমিক ২২ শতাংশ), মোটরসাইকেল ১০০টি (১৮ দশমিক ৬৬ শতাংশ), ব্যাটারিচালিত রিকশা ২টি (০ দশমিক ৩৭ শতাংশ), ইজিবাইক ৮টি (১ দশমিক ৪৯ শতাংশ), ট্রাক্টর ১১টি (২ দশমিক ০৫ শতাংশ), অ্যাম্বুলেন্স ৪টি (০ দশমিক ৭৫ শতাংশ), ভ্যান ১১টি (২ দশমিক ০৫ শতাংশ), মাইক্রোবাস ১২টি (২ দশমিক ২৪ শতাংশ) ও অন্যান্য যান ১১০টি (২০ দশমিক ৫২ শতাংশ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মাসে ঢাকা বিভাগে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৮৭টি সড়ক দুর্ঘটনায় ১০৪ জন নিহত এবং ২২৯ জন আহত, রাজশাহী বিভাগে ৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪ জন নিহত এবং ৬৭ জন আহত, খুলনা বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত এবং ৬০ জন আহত, বরিশাল বিভাগে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৪২ জন আহত, সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৭ জন আহত, রংপুর বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ১১৫ জন আহত; এছাড়া ময়মনসিংহ বিভাগে ২১টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৩৬ জন আহত হন।

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৫ জনের মধ্যে মোটরকার দুর্ঘটনায় ৪ জন, বাস দুর্ঘটনায় ৮০ জন, পিকআপে ১৬ জন, অটোরিকশায় ৪৭ জন, ট্রাকে ৬৪ জন, মোটরসাইকেলে ৮৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ২ জন, ইজিবাইকে ১ জন, ট্রাক্টরে ৪ জন, অ্যাম্বুলেন্সে ১ জন, ভ্যানে ৬ জন, মাইক্রোবাসে ৭ জন এবং অন্যান্য যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারান ৯৬ জন।

চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩২২টি। এসব দুর্ঘটনায় ৩৩৩ জন প্রাণ হারান এবং আহত হন ৩৩৬ জন। ফেব্রুয়ারি মাসে ৩০৮টি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে ৩০৩ জনের এবং আহত হন ৪১৬ জন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন