‘নিজেদের ওপর আস্থা হারানো বিএনপিকে নির্বাচনভীতিতে ধরেছে’

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সমাবর্তন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “নিজেদের ওপর আস্থা নেই বলেই বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে, সেটা তারা জানে। যার কারণে বিএনপিকে নির্বাচন-ভীতিতে পেয়ে বসেছে। সেজন্য ছাপানো ব্যালটেও ‘না’ এবং ইভিএমেও ‘না’ বলছে তারা।”

বুধবার বিকেলে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিশেষ সমাবর্তন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ব্রাসেলসের চেয়ারম্যান প্রফেসর এন্ড্রে সেনকেনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘আসলে বিএনপি ও (মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের নিজেদের ওপরই কোনো আস্থা নেই। ক্রমাগতভাবে নির্বাচন থেকে পালিয়ে গেলে একসময় পুরো বিএনপি দলটাই জনগণের কাছ থেকে পালিয়ে যাবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি শুধু ষড়যন্ত্রের পথেই হাঁটছে, আর পানি ঘোলা করার চেষ্টা করছে। দেশ-বিদেশে অপপ্রচার চালাচ্ছে। আর বিদেশিদের হাতে-পায়ে ধরে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা যায় কি না সেই চেষ্টায় তারা সর্বদা লিপ্ত আছে।’

নির্বাচন কমিশন বিরোধী দলের দাবি মেনে নিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন অনেকটা তাদের দাবি মেনে নিয়েই ইভিএম থেকে সরে প্রিন্ট ব্যালটে ভোট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে তো বিএনপিসহ বিরোধী দলগুলোর দাবিটাই মেনে নেয়া হয়েছে বলে বলা যায়। সুতরাং এখন নির্বাচনের জন্য যদি তাদের দল গোছায় এবং নির্বাচনে আসে সেটি তাদের জন্যই মঙ্গল হবে।’

বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘গত ১৪ বছরে দেশে নারীদের অনেক অগ্রগতি হয়েছে। এখন দেশের প্রতিটি সেক্টরে নারীরা কাজ করছেন। এখন আমাদের সুপ্রিম কোর্টের বিচারক, পুলিশের এসপি, ডিসি আছেন নারী। মাত্র ১২ বছর আগেও একজন নারী ডিসি বা এসপি অথবা ইউএনও হবেন- তা কল্পনাও করা যায়নি। এখন দেশে অনেক নারী ইউএনও মাঠপর্যায়ে কাজ করছেন। একজন রুবানা হককে দেখলে আপনি অনুমান করতে পারবেন কীভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে। তিনি ৮০ শতাংশ রপ্তানিমুখী গার্মেন্ট শিল্প মালিক সমিতি বিজিএমইএর নেতৃত্ব দিয়েছেন।’

বিশেষ সমাবর্তনে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিন ডেভিট টেইলর বিনাকোনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর কামাল আহমেদ, বর্তমান ভিসি রুবানা হক, ইউনিভার্সিটি অব ব্রাসেলসের চেয়ারম্যান প্রফেসর এন্ড্রে সেনকেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নেহাল আহমেদসহ অনেকে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন