রূপপুর বিদ্যুৎকে‌ন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে এম‌ভি অপরা‌জিতা

মোংলা বন্দর। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ‌কে‌ন্দ্রের যন্ত্রপাতি নি‌য়ে মোংলা বন্দ‌রে ভিড়েছে বাংলা‌দে‌শের পতাকাবাহী জাহাজ এমভি অপরা‌জিতা। মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টার দিকে বন্দ‌রের ৭ নম্বর জে‌টি‌তে জাহাজ‌টি নোঙর ক‌রে। এই জাহাজে ১ হাজার ২০০ মে‌ট্রিক টন যন্ত্রপাতি এসেছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, ৫২৫ প্যাকেজের ১ হাজার ২০০ মেট্রিক টন যন্ত্রপাতি এসে‌ছে। রাশিয়া থেকে আসা এসব পণ্য এবারও ভারতের হলদিয়া বন্দর দিয়ে বাংলা‌দে‌শে এসেছে। মোংলা বন্দরে আসা এসব মাল‌পত্র এখন খালাসের কার্যক্রম চলছে। দুই দিনের মধ্যে সব পণ্য খালাস শেষে সড়কপথে ঈশ্বরদীতে নির্মাণাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

গত ২৩ ফেব্রুয়ারি বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে বাংলাদেশের পতাকাবাহী অপরাজিতা জাহাজে ৯৮৯ প্যাকেজের ১ হাজার ৬৯০ মেট্রিক টন ও ১৬ ফেব্রুয়া‌রি ১ হাজার ৪৮ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলায় নোঙর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেঁজুতি’। সেই জাহাজের পণ্য ইতিমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন