ঈশ্বরদীতে শক্তি দেখাল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সমাবেশের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজপথে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে ঈশ্বরদী বাজারের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে ঘণ্টাব্যাপী এই গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে সদরের পোস্ট অফিস মোড় থেকে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

তাঁর আগে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণজমায়েতে অংশগ্রহণ করেন। তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন।

সমাবেশে পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, আমরা জানি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করে, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করেছে। শাহ এস এম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ অসংখ্যা নেতা-কর্মীকে হত্যা করেছিল তারা। উত্তরবঙ্গে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল বাংলা ভাইয়ের নামে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বাংলাদেশ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। বর্তমানে মাত্র ২ শতাংশ অর্থনীতি বিদেশিদের সাহায্যের ওপর নির্ভরশীল। যেখানে আগে ২০-২৫ শতাংশ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল ছিল। আমাদের নেত্রী বিদেশি বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে। অতীতেও আমরা স্বাধীনতাবিরোধী রাজাকারদের পরাজিত করেছি, আগামী দিনেও তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম. শহিদুজ্জামান নাসিম, বীরমুক্তিযোদ্ধা রশিদুল্লাহ গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথাসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন