ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে শেফা খাতুন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী উত্তরপাড়া এলাকার একটি বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

শেফা খাতুন ভাড়ইমারি গ্রামের হিছাব উদ্দিনের মেয়ে ও ভাড়ইমারী রিয়াজ উদ্দিনউচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

ভাড়ইমারী রিয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, শেফা খাতুন তার বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সোমবারও সে ইংরেজী পরীক্ষায় অংশ নিয়েছে। মঙ্গলবার সকালে জেনেছি সে আত্মহত্যা করেছে।

প্রতিবেশী ফজলুর রহমান জানান, শেফা খাতুন সোমবার এসএসসি পরীক্ষা দিয়ে এসে দুপুরের খাবার খেয়ে নিজ কক্ষে বিশ্রাম নিতে যায়। পরিবারের লোকজন ভেবেছে সে ঘুমাচ্ছে। রাত ৯টা পর্যন্ত তার শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। রাত ১০টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শেফা খাতুনের তিন মাস আগে বিয়ে হয়েছিল। কেন সে আত্মহত্যা করছে কেউ তা বলতে পারছে না।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন