| ওই কারখানাগুলোতে ভেজাল সার উৎপাদন করা হচ্ছে। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে গড়ে ওঠা তিনটি ভেজাল সার কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত উপজেলার ছলিমপুর ইউনিয়নের ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট পিএম ইমরুল কায়েস। অভিযানকালে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিত্যক্ত তিনটি ধান চাতাল মিল গোডাউন ভাড়া নিয়ে সার কারখানা গড়ে তোলেন ছলিমপুর ইউনিয়নের শেখেরদাইড় গ্রামের সফর আলীর ছেলে জহুরুল ইসলাম, একই ইউনিয়নের চরমিকামারি গ্রামের গুড় বিক্রেতা মতলেবের ছেলে মাসুদ রানা ও অজ্ঞাত পরিচয়ের হালিম। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ভেজাল সার তৈরির দায়ে কারখানা গুলো সিলগালা করে দেওয়া হয়। এছাড়া ভেজাল সার তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির লেবেল, বস্তায় বিপুল পরিমাণে ভেজাল সার, কীটনাশক ও ড্রাম ভর্তি রাসায়নিক তরল পদার্থ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা। অভিযানের সময় কারখানাটির সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তারা আগেই পালিয়ে যান।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, ‘ভেজাল সার উৎপাদক ও বিপণনকারীরা কৃষকদের শুধু প্রতারিতই করছে না, তারা কৃষিজমি এবং ফসলেরও ভীষণ ক্ষতি করছে।’
অভিযানের বিষয়ে ইউএনও পিএম এমরুল কায়েস বলেন, ‘কারখানাগুলোতে ভেজাল সার তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। প্রাথমিকভাবে কারখানাগুলো সিলগালা করা দেওয়া হয়েছে। সারের নমুনা সংগ্রহ করা হয়েছে। চূড়ান্তভাবে পরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
