শিকলে বাঁধা সেই উল্টোলেজি বানরটি উদ্ধার করল বন বিভাগ

শিকলে বেঁধে রাখা উল্টোলেজি বানর।  মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিলে। ছবি: শিমুল তরফদার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোহার শিকলে বাঁধা বিরল উল্টোলেজি বানরটিকে উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাইক্কা বিল পর্যটনকেন্দ্র থেকে বন বিভাগের একটি দল প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে। পর্যবেক্ষণের জন্য প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

এর আগে গত সোমবার বানরটিকে শিকল দিয়ে বেঁধে রাখে সেখানকার দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে নামে একটি খবর প্রকাশিত হয়। এরপরই বানরটির কথা জানতে পেরে বন বিভাগ সেটি উদ্ধার করে।
বিজ্ঞাপন

শ্রীমঙ্গল বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘আমরা বানরটিকে আটকে রাখার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি উদ্ধার করি। প্রাণীটি বিপন্ন প্রজাতির। আমরা প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রেখেছি। বানরটি স্বাভাবিক হলে আমরা লাউয়াছড়ায় অবমুক্ত করে দেব।’

প্রাণীটির ছবি দেখে এর নাম উল্টোলেজি বানর বলে নিশ্চিত করেন বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। তিনি বলেন, এটি উল্টোলেজি বানর। স্থানীয়ভাবে এটি কেশরওয়ালা সিংহ বানর, কুলু বান্দর, ছোট লেজি বানর, উলু বান্দর প্রভৃতি নামে পরিচিত। উল্টোলেজি বানর বাংলাদেশে দুর্লভ ও বিশ্বে সংকটাপন্ন। এটি সারকোপিথেসিডি পরিবারের প্রাণী। এর ইংরেজি নাম নর্দান পিগ টেইলড ম্যাকাক (Northern pig-tailed macaque), বৈজ্ঞানিক নাম ম্যাকাকা লিওনিনা (Macaca leonine)।

সজল দেব আরও বলেন, বানরটির দৈর্ঘ্য ৪০-৬০ সেন্টিমিটার, লেজ ১৮-২৫ সেন্টিমিটার; ওজন ৪.৫-১২ কেজি। শূকরের মতো ছোট লেজটি ওপরের দিকে ওল্টানো। দেহের ওপরের লোম জলপাই-ধূসর, নিচটা ধূসর-সাদা ও মুখমণ্ডল গোলাপি। মাথার মাঝখানটা চ্যাপ্টা ও কালচে। দলনেতার মাথায় কখনো কখনো সিংহের মতো কেশর দেখা যায়। এরা দিবাচর, বৃক্ষবাসী ও ভূমিচারী প্রাণী। ফল, কচি পাতা, কুঁড়ি, শস্যদানা, কীটপতঙ্গ, কাঁকড়া, পাখির বাচ্চা ইত্যাদি খায়। এরা মূলত চিরসবুজ বনের গভীর এলাকায় থাকতে পছন্দ করে। মার্চ থেকে জুনে এদের বেশি প্রজনন হয়ে থাকে। ১৬২-১৮৬ দিন গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয়। এরা সাধারণত ১০-১২ বছর বেঁচে থাকে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন