ঈশ্বরদীতে এই প্রথম রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

ঈশ্বরদীতে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় প্রথমবারের মত রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন শুরু হয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ শনিবার অপরাহ্নে চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেদুনদিয়ায় আব্দুল হালিম ও শহিদুল ইসলাম নামে দু’জন কৃষকের জমিতে এই চারা রোপনের মাধ্যমে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপ-পরিচালক মিজান-উর রহমান, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোত্তমাইন্না, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল আলম খাঁন, উপ-সহকারী কর্মকর্তা আলিউজ্জামান প্রমুখ।

কৃষি বিভাগ জানায়, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দূরত্ব ও গভীরতায় এ পদ্ধতিতে নিখুঁতভাবে চারা রোপন করা হয়। এতে ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা নেই। চারটি সারিতে ধানের চারা রোপন করা যায়। বীজতলা তৈরি করার জন্য আলাদা জমির দরকার হয় না। যেখানে সেখানে রেখে প্লাস্টিকের ট্রে-তে বীজতলা তৈরি সম্ভব। মাত্র ৩০ দিনের বয়সী ধান গাছের চারা রোপন করা যায়। রাইচ প্লান্টারের মাধ্যমে ১ বিঘা জমিতে ধানের চারা রোপন করতে পেট্রোল লাগবে মাত্র আধা লিটার। আর যে যন্ত্র চালাবে সব মিলিয়ে মজুরি পড়বে মাত্র ৫০০ টাকা। এতে এক বিঘা জমির ধানের চারা রোপনে কৃষকের সাশ্রয় হবে দুই থেকে আড়াই হাজার টাকা।

কৃষক শহিদুল ইসলাম বলেন, এ পদ্ধতিতে ধানের চারা রোপন করার কোন ধারণা ছিল না তার। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় তিনি প্রথমবার এ পদ্ধতিতে চাষ শুরু করেছেন। এতে তার একটি চারা নষ্ট হয়নি। রাইস প্লান্টার মেশিনের মাধ্যমে চারা লাগানোর ফলে মেশিনের সাহায্যেও গুটি ইউরিয়া সার ব্যবহার করা গেছে। বেশ ভালো পদ্ধতি এটি।

আব্দুল হালিম জানান, প্রচলিত পদ্ধতিতে যেখানে ১ বিঘা জমিতে ধান গাছের চারা রোপন করতে কমপক্ষে চার থেকে পাঁচজন শ্রমিকের দরকার হতো। এতে কৃষকের অধিক মুজরি গুনতে হতো, আবার সময় বেশি লাগতো। কিন্ত এই স্বল্প সময়ে অল্প খরচে ধানের চারা রোপন করতে পেরেছি।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, কৃষকের সময় ও আর্থিক খরচ কমাতে সরকার কৃষি সেক্টর যান্ত্রিকীকরণের উদ্যোগ এই গ্রহন করেছে। পাবনা জেলার ঈশ্বরদীতে এটাই প্রথমবার।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫০ একর জমিতে বোরো ধানের চাষাবাদের পল্টে ‘রাইস প্লান্টারে’র মাধ্যমে চারা রোপন করা হচ্ছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন