| রসাটমের লোগো। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মারা যাওয়া রুশ কর্মচারীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু করপোরেশন রসাটম।
এক বিবৃতিতে বলা হয়, এমপ্লয়িদের আমরা সর্বদা আমাদের শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচনা করি এবং তাদের জীবন ও কল্যাণকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।
সম্প্রতি স্থানীয় কিছু গণমাধ্যম এবং সামাজিকমাধ্যমে এসব মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন জল্পনা-কল্পনার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এসব ঘটনার পেছনে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
এ মুহূর্তে প্রত্যেকটি মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে তদন্ত পরিচালনাকারী কর্তৃপক্ষকে আমরা সম্ভাব্য সব রকম সহযোগিতা প্রদান করে যাচ্ছি। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ জাতীয় দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় ও বিদেশি সব পার্টনার, স্টেকহোল্ডার, স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
