ঈশ্বরদীতে একধাক্কায় তাপমাত্রা কমল ৪ ডিগ্রির বেশি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি থেমে যাওয়ার পর উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ায় আজ শুক্রবার ঈশ্বরদী উপজেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা একদিনের ব্যবধানে সাড়ে ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, দু’দিন বৃষ্টির পর আজ থেকে আকাশে মেঘ কেটে গেছে। মেঘ কেটে যাওয়ায় শীতের তীব্রতা শুরু হয়েছে। শুক্রবার ঈশ্বরদী উপজেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা। ফলে উত্তরের হিমেল হাওয়ার পাশাপাশি কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঈশ্বরদীর চরাঞ্চলে হতদরিদ্র মানুষ কষ্টের মধ্যে পড়েছেন। বেড়ে চলছে সর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ। তীব্র শীতের কারণে বাজারে পুরনো কাপড় দোকানে মানুষের ভিড় বেড়েছে।

উপজেলা সদরের  রিকশাচালক সাহেব আলী বলেন, ‘শুক্রবার সকালে শহরে লোকজন কম সমাগম থাকলে বিকেলে সমাগম বাড়ে। আরও দুই-এক দিন এমন অবস্থা চললে আয়রোজগারের অভাবে সংসারে টান পড়বে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন