ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফজলু শেখ (৬৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুলাডুলি রেলগেট রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু মুলাডুলি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাবনা-নাটোর মহাসড়ক পার হচ্ছিল ফজলু। এসময় নাটোর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পাকশী হাইওয়ে থানার ওসি খন্দকার মো. শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রাকটি জব্দ ও তার সহযোগীর আটক করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন