রূপপুর প্রকল্পে কাজাখস্তান নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক: নির্মাণ কাজের সময় মাল লোড আনলোড করা একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত এক বিদেশি। 

শুক্রবার সকালে ঈশ্বরদীর রূপপুর প্রকল্পের ভেতরে রিয়েক্টর বিল্ডিং সামনে দুর্ঘটনা ঘটে। নিহত ওই বিদেশি রূপপুর প্রকল্পে নিকিমথ কোম্পানিতে কর্মরত ছিলেন। নাম কোনিরবিভ বাউইরজান (৩৫)। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর তিনি সাব-ঠিকাদারি এই কোম্পানিতে কাজের জন্য কাজাখিস্তানে থেকে বাংলাদেশে আসেন বলে পুলিশ জানায়। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঈশ্বরদী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান, শুক্রবার সকাল দশটার দিকে রূপপুর প্রকল্প ভেতরে তিনি রিয়েক্টর বিল্ডিংয়ের কাছে দাঁড়িয়ে কাজ করছিলেন। এসময় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মাণাধীন রিয়েক্টর বিল্ডিংয়ের কাছে মালামাল লোড-আনলোডের একটি গাড়ি হঠাৎ পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধারকর্মীরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাদিউল ইসলাম জানান, লাশের ময়না তদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিয়ম মেনে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লাশ তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন