| প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও ভোটে নির্বাচিত ইউপি সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার দুপুরে মুলাডুলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা বিশিষ্টজনদের উপস্থিতিতে বিদায়ী চেয়ারম্যান সেলিম মালিথার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাবনা- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। নবনির্বাচিত ইউপি সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের দায়িত্ব গ্রহণ করেন।
গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে আব্দুল খালেক মালিথা আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভোটারদের ভোটে ইউপি সদস্যরা নির্বাচিত হন।
