| নেটফ্লিক্স |
নিজস্ব প্রতিবেদক: ভারতে প্রতিযোগিতায় টিকে থাকতে ও গ্রাহকদের আকৃষ্ট করতে সাবস্ক্রিপশন ফি ৬০ শতাংশ কমাল যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতে নেটফ্লিক্সের যাত্রা শুরু হয়েছে ২০১৬ সালে। এরপর ২০১৯ সালেও একবার সাবসক্রিপশন ফি কমিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতের অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের চেয়েও গ্রহকে পিছিয়ে নেটফ্লিক্স। ভারতের আরেক গণমাধ্যম লাইভমিন্টের খবরে বলা হয়েছে, দেশটিতে নেটফ্লিক্সের গ্রাহক ৫০ লাখ। এর বিপরীতে আমাজন প্রাইম ভিডিওর গ্রাহক ১ কোটি ৯০ লাখ। আর ডিজনি হটস্টারের গ্রাহক ৪ কোটি ৬০ লাখ। গবেষণা সংস্থা মিডিয়া পার্টনার এশিয়ার দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সাল নাগাদ ভারতে এমন ওটিটি প্ল্যাটফর্মের স্ক্রিন গ্রাহক হবে ১০০ কোটি। এই গ্রাহকদের ৮৫ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে এসব ওটিটি প্ল্যাটফর্ম দেখবেন।
এখন নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হচ্ছে, একটি স্ক্রিনে দেখা যাবে—এমন ‘মোবাইল’ প্যাকেজের নতুন মূল্য করা হয়েছে ১৪৯ রুপি। এর আগে এর মূল্য ছিল ১৯৯ রুপি। এতে হাইডেফিশন ভিডিও দেখা যাবে। নেটফ্লিক্সের ‘বেসিক প্ল্যানের’ দাম কমানো হয়েছে ৬০ শতাংশ। আগে এর দাম ছিল ৪৯৯ রুপি। এখন এর দাম ১৯৯ রুপি। তবে এর রেজল্যুশন ৪৮০ পিক্সেল। স্ট্যান্ডার্ড প্ল্যানের দাম করা হয়েছে ৪৯৯ রুপি। এর দাম আগে ছিল ৬৪৯ রুপি। নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দামের প্ল্যানের দাম ছিল ৭৯৯ রুপি। এখন তার দাম করা হয়েছে ৬৪৯ রুপি।
আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে গ্রাহক ফি কমানো হয়েছে বলে মন্তব্য করেছেন নেটফ্লিক্সের ভারতের কর্মকর্তা মনিকা সেরগিল।
