| ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: পশ্চিম অঞ্চল রেলওয়ে বিভিন্ন স্টেশনে আন্তনগর ট্রেন থেকে ৩ হাজার যাত্রীকে ১০ লাখ ৩ হাজার ২৪০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২১টি আন্তনগর ট্রেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারীদের কাছ থেকে দণ্ডের এ অর্থ আদায় করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে স্টেশনমাস্টার কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার করার পরিকল্পনার অংশ থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভিন্ন স্টেশনে বিনা টিকিটধারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। অভিযান চলে সকাল নয়টা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত।
বিনা টিকিটে আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দিয়ে কমলাপুর যাওয়ার পথে আক্কেলসেলামি দিতে হয় মালেক উদ্দিন নামে এক যাত্রীকে।
মালেক বলেন, ‘আমি যখন রাজশাহী স্টেশনের কাউন্টারের সামনে দাঁড়ায়, তখন টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেন ছাড়ার মাত্র কয়েক মিনিট বাকি ছিল। কিন্তু বিশেষ প্রয়োজনে ঢাকা যাওয়া জরুরি ছিল। তাই বাধ্য হয়ে টিকিট ছাড়া ট্রেনে উঠতে হয়েছি।’ মালেকে বাড়ি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার কালুমিস্ত্রি মহল্লায়।
একই ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করা মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হোসেন নামের এক যাত্রী বলেন, ‘কাউন্টার থেকে টিকিট পায়নি। দ্বিগুণ দাম চাওয়ায় কালোবাজারির কাছ থেকেও টিকিট নেওয়া সম্ভব হয়নি। এ কারণে বিনা টিকিটে ট্রেন চড়তে হয়েছিল।’
উভয় যাত্রী স্বীকার করেন, আর যা হোক বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা ঠিক হয়নি।
ডিসিও নাসির উদ্দিন বলেন, সারাদেশে বাস ধর্মঘট থাকায় ট্রেনে যাত্রীর চাপ বাড়ে। এ পরিস্থিতিতে বিনা টিকিটধারী ব্যক্তিদের রোধ করা না গেলে রেলওয়ের উন্নয়ন সম্ভব নয়। উন্নত রেলসেবার সঙ্গে টিকিট কেটে ট্রেন ভ্রমণের মানসিকতা গড়ে ওঠার সম্পর্ক রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঈশ্বরদী রেলওয়ে স্টেশনমাস্টার আসলাম হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতকে টিটি, পরিদর্শক, রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
