ঈশ্বরদী ইউপি নির্বাচন: ‘বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ জনকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তিনজন আওয়ামী লীগ নেতাকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কমিটির জরুরি সভায় তাঁদের বহিষ্কার করা হয়।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বহিস্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ওই ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বহিষ্কারের নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

এই নেতারা হলেন লক্ষীকুন্ডার ইউনিয়নের আনিস মোল্লা, সাহাপুরে এমলাক হোসেন বাবু এবং সাঁড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি নায়েব বিশ্বাস আজ দুপুরে মুঠোফোনে বলেন, দলের সিদ্ধান্ত না মেনে বহিষ্কার হওয়া এসব নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। তাঁদের এর আগে নির্বাচনে অংশ না নিতে বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কার হওয়া তিন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখনো বহিষ্কারের কোনো চিঠি পাননি। বিষয়টি শুনেছেন। বিদ্রোহী প্রার্থী আনিসুল হক মোল্লা বলেন, ‘দল করি মানুষের জন্য। তাঁদের সুখে–দুঃখে পাশে থাকার জন্য। তাঁদের চাপে পড়ে প্রার্থী হয়েছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর ওই ৭ ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন