হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ঈশ্বরদীতে

ঈশ্বরদী শহরের বাজার এলাকার সামনে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার ও পাবনাসহ দেশে বিভিন্ন স্থানে দুর্গা পূজামণ্ডপ, প্রতিমা ভাংচুর, হিন্দুদের বাড়িঘরে হামলা ও যুব মহাজোটের সহসাংগঠনিক সম্পাদক মানিক শাহ ও দুই সনাতনীকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন, বিক্ষোভ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরদী শহরের বাজার এলাকার প্রধান ফটকের সামনে জাতীয় হিন্দু মহাজোট উপজেলা ও পৌর শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা এসব কর্মসূচি পালন করে।

এসময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও হিন্দুদের উপর নির্যাতন হামলা বন্ধের দাবিতে মানববন্ধন স্থলে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, হিন্দু মহাজোটের ঈশ্বরদী উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র রায় ও মাধব চন্দ্র পাল, সহসভাপতি নীতিশ রায় বাবু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, পৌর শ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব কুন্ডু তপু, পৌর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস ও পৌর হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পার্থ প্রতিম দাস প্রমুখ।

পথসভায় বক্তরা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি স্বাধীন রাষ্ট্র । অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি। কিন্তু এদেশে একটি মহল অসাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিবো না।

তাঁরা দাবি করেন, দুর্গাপূজার সময় অস্থিরতা তৈরির জন্য কুমিল্লার মন্দিরের পূজামণ্ডপে ঘটনাটি ঘটানো হয়েছে। কয়েক দিনের মধ্যে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন