
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
নিজস্ব প্রতিবেদন: ‘আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করা
হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র। আমি তো মদ খাই না, নারী নিয়ে থাকি
না। অন্যের জায়গা দখল করিনি, ঘুষ নেইনি। তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন?
আমি বুঝতে পারছি না।’ পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা
নুরুজ্জামান বিশ্বাস এক মতবিনিময় সভায় এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে
মন্তব্য করেন।
শনিবার সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট
মিলনায়তনে ঈশ্বরদী ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ আয়োজিত এক
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তাঁকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে
অভিযোগ এনে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের উদ্দ্যেশে এসব কথা
বলেন তিনি।
নুরুজ্জামান আরও বলেন, ‘উন্নয়নের জন্য যখন আমি চেষ্টা
করছি। অনেকগুলো রাস্তার কাজ করছি। চার লেনের কাজ হচ্ছে। ফ্লাইওভার নির্মাণ,
বিমান বন্দর চালু ও আইসিটি পার্ক নির্মাণের চেষ্টা করছি। তখনই একটি
স্বাধীনতা বিরোধীচক্র ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি কোনো
অপশক্তিকে ভয় করি না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড
বাস্তবায়ন করতে যদি আমার জীবন দিতে হয় দেব। তারপরও বঙ্গবন্ধুর সোনার বাংলা
গড়ে তুলব।’
পরবর্তীতে কাউন্সিল সম্পর্কে নুরুজ্জামান বলেন,
‘রাজাকারদের ছেলেদের আওয়ামী লীগের নেতৃত্বে আনা হবে না। কেন্দ্রীয় আওয়ামী
লীগের নির্দেশে আগামী দলীয় কাউন্সিলে তাঁদের নেতা বানানো তো দূরের কথা,
তাঁদের মাইকই ধরতে দেওয়া হবে না।’
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা
নায়েব আলী বিশ্বাস, গোলাম মোস্তফা চান্না মণ্ডল ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড
পাবনা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রিন্স এবং এই অনুষ্ঠানে
সভাপতির দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঈশ্বরদী
উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান মিলন।
এ ছাড়াও এ অনুষ্ঠানে
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজলুল রহমান ফান্টু, মো. রশিদুল্লাহ, আব্দুল
খালেক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কৃষক লীগ
নেতা মুরাদ মালিথাসহ প্রমুখ।
