ঈশ্বরদীতে গণটিকায় স্বতস্ফুর্ত অংশগ্রহণ

ঈশ্বরদী পৌরসভার ২ নং পতিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্র। টিকার জন্য দীর্ঘ লাইন। শনিবার দুপুরে।

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতেও শুরু হয়েছে করোনার পরীক্ষামূলক গণটিকা প্রদান কার্যক্রম। এতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন নিবন্ধন করা ব্যক্তিরা।

শনিবার সকাল থেকে পৌরসভার তিন ও উপজেলার সাতটি কেন্দ্রে শুরু হয় এ গণটিকা প্রদান কার্যক্রম। এতে কেন্দ্রে এসে স্বাচ্ছন্দে টিকা নিয়েছেন, আবার অনেকে কর্মরত অফিসের চাপে নিতে বাধ্য হয়েছেন।

পৌরসভার তিনটি গণটিকা প্রদানের কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, টিকা গ্রহণে বেশ আগ্রহী সাধারণ মানুষেরা। প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন তৈরি হয় সকাল থেকেই। দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা সুশৃঙ্খলভাবে পর্যায়ক্রমে টিকা প্রদানের কক্ষে ঢুকান। তবে বাইরে লাইনে ছিল বেশ ভিড়। কোনো দুরত্ব বজায় রাখতে দেখা যায় নি। টিকা নিয়ে চলে যান নিজ নিজ বাসায়।

সাঁড়া ইউনিয়নের কেন্দ্র ঘুরে দেখা গেছে, টিকার জন্য লোকজন কেন্দ্রে পৌঁছালে প্রথমে তাঁদের স্বাস্থ্যসচেতন করছেন  সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।  মুখে মাস্ক না থাকলে পরার তাগিদ দেন তিনি। তারপর লোকজনকে নিয়ে যাওয়া হয় নিবন্ধনকক্ষে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের পর অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করা হয়। তারপর ওই ব্যক্তিকে টিকাদানের কক্ষে নেওয়া হয়।

টিকা গ্রহণের পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, স্বেচ্ছায় তারা টিকা নিয়েছেন। টিকা গ্রহণের ব্যাপারে কোনো ভীতি কাজ করছে না। নিবন্ধনের জন্যও কোনো বিড়ম্বনায় পড়তে হয় নি তাদের।

স্বাস্থ্যকর্মীরা জানান, স্বাভাবিক অবস্থায় টিকার জন্য এসে বসছেন এবং টিকা গ্রহণ করে নিজে থেকেই তারা চলে যাচ্ছেন। টিকা গ্রহীতাদের কোনো সমস্যা হয়নি। নারীরাও স্বতস্ফুর্তভাবে টিকা নিয়েছেন।

ঈশ্বরদী পৌর সভা মেয়র ইছাহক আলী মালিথা বলেন, পৌরসভাধীন ৩টি টিকা কেন্দ্রে আমাদের কাউন্সিলররা গণটিকা প্রদানে সার্বিক সহযোগীতা করছে। পাশাপাশি জনসচেতনতার কাজ করছে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এফএ আসমা খান বলেন, ১০টি কেন্দ্রে একযোগে সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৪ হাজার ৮০০ জ ন মানুষকে টিকা দেয়া হবে।

তিনি আরও বলেন, টিকাদানে বৃদ্ধ, প্রতিবন্ধি ও নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রথম দিনে সকাল থেকে প্রতিটি টিকা কেন্দ্রে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিভিন্ন টিকাদান কেন্দ্রে পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করে বলেন, ঈশ্বরদীতে কোথায় কোন অনিয়ম বিশৃংখলা যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন