![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে একটি পুকুরে ভাসমান অবস্থায় সুমন আলী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ যুবকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন উপজেলার সদরের সাঁড়াগোপালপুর বিলপাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে। পারিবারিক কলহের জের ধরে দুইবছর আগে স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার পর সে রেললাইনের ধারে মা ও নানীর সাথে থাকতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরদী-পাকশী টিপু সুলতান সড়কের পাতিবিল প্রান্তের একটি পুকুরে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে তাঁর মাতা রহিমা বেগম গিয়ে লাশ শনাক্ত করেন। পরে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করছে।
এ এলাকার স্থানীয় মিলন মিয়ার ভাষ্য, মাঝেমধ্যে সে বাড়ি থেকে বের হয়ে উধাও হয়ে যেতো। আবার ফিরে আসতো। তাঁকে জিজ্ঞাসা করলেও বলতেন না কোথায় ছিলেন। শুক্রবার এমন ভাবেই কাউকে না বলে বাড়ি থেকে বের হয়। এরপর আজ মঙ্গলবার বাড়ির পাশের পুকুর থেকে সুমনের লাশ পাওয়া গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সুমন মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্ত। মাঝেমধ্যে এখানে তিনি জাল টানার কাজ করতেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এই যুবকের দুই-তিনদিন আগে মৃত্যু হয়েছে। লাশে পচন ধরেছে। চেহারা অনেকটা বিকৃত হয়ে গেছে। দেহের কিছু কিছু অংশ মাছ খেয়ে নিয়েছে।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

