ঈশ্বরদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার শাশুড়ি আটক

  মেঘলা খাতুন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে মেঘলা খাতুন (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সাঁড়াগোপালপুর ইরকোন গেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত মেঘলা পাকশী ইউনিয়নের সিভিলহাট গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। 

পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়ি মুরশিদা খাতুনকে আটক করা হয়েছে। তবে স্বামী আশিক ইসলাম পলাতক রয়েছেন। 

গৃহবধূর শ্বশুর আশরাফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ১১টার দিকে তার ছেলে-বউমা ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে তার ছেলে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে মেঘলা। এ দৃশ্য দেখে তিনি হতবিহ্বল হয়ে চিৎকার করে।পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে ভালোবাসা করে আশিক ও মেঘলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ রহস্যজনক কারণে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

গৃহবধূর বাবা হাফিজুল অভিযোগ করে জানান, গত বুধবার রাতে আশিক আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে। আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঝুলিয়ে রেখেছে। 

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, লাশের ময়নাতদন্ত করা হবে। ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার মৌখিক অভিযোগ করেছে। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়িকে আটক করা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন