ঈশ্বরদীতে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন ঈশ্বরদীর ফাবিয়া এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্টেশন রোড, ঈশ্বরদী, পাবনা, ৫ জুলাই।

নিজস্ব প্রতিবেদন: দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে সিকিউরিটি সার্ভিস। এমনকি সরকারি–বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন বিজ্ঞাপন সহজেই বেকার তরুণ–তরুণীদের দৃষ্টি কাড়ে। এভাবে প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়।

পাবনার ঈশ্বরদী উপজেলা সদরের বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এমনই একটি প্রতারক চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার দিলালপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৪), ঈশ্বরদী উপজেলার ঝাউদিয়া গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও বাঘইল উত্তরপাড়া গ্রামের হাফিজুল ইসলাম (৩৩)।

অভিযানে ফাবিয়া এন্টারপ্রাইজের কার্যালয় থেকে প্রতারণার শিকার চারজনকে উদ্ধার এবং প্রতারণার সঙ্গে যুক্ত ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু নিয়োগপত্র, অব্যাহতিপত্রসহ বিভিন্ন ধরনের কাগজপত্র জব্দ করা হয়েছে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলাম ও ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম।

ওসি আসাদুজ্জামান বলেন, ‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। এ পর্যন্ত আমরা যেসব অভিযোগ পেয়েছি, তাতে তাঁরা ২০ থেকে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন