![]() |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদে শ্রদ্ধা নিবেদন। |
নিজস্ব প্রতিবেদন: প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বৃক্ষরোপনসহ নানা আয়োজনে ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে জন্মদিন উদযাপনের শুভসূচনা করেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী প্রমুখ।
শ্রদ্ধা জানাানোর পর সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, “শহীদ শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবেন। বাংলাদেশের ইতিহাসে শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্জ্বলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক জাতির কপালে কলঙ্ক তিলক হিসেবে ছিল- সেই কলঙ্কের কালিমা বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পূর্ণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আলোর পথে যাত্রা শুরু করছেন, সেই আলোর পথের অভিযাত্রী হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করব- আজকের দিনে এটাই অঙ্গীকার।
![]() |
| জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদী থানার বৃক্ষ রোপণ। |
দুপুরে থানায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান ৫০০ গাছের চারা রোপণের মধ্যদিয়ে জন্মদিনের কর্মসূচি পালন করেন।
আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল ১৯৪৯ সালের ৫ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য কামাল ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ও গড়ে তুলেছিলেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করা হয়। মাত্র ২৬ বছর বয়সে ঝরে যায় শেখ কামালের জীবন।
শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেন।
ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন শেখ কামাল। ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যও ছিলেন তিনি।
স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ ভর্তি হন।
১৯৭৫ সালের ১৪ জুলাই অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে শেখ কামালের বিয়ে হয়। ১৫ অগাস্ট সুলতানাকেও হত্যা করা হয়।


