![]() |
| রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রিন সিটি এলাকায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। |
নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান কর্মীদের পাশাপাশি এবার বাংলাদেশি প্রকৌশলী ও কর্মকর্তাদের রাশিয়ান স্পুতনিক-ভি টিকা দেওয়া শুরু হয়েছে।
আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি এলাকায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডাক্তার আসমা খানসহ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা প্রকল্পের কর্মকর্তাদের কোভিডের টিকা শরীরে প্রদান করান।
মন্ত্রী এ সময় বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সব দেশি-বিদেশি কর্মীকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে।’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলা করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে নিরলসভাবে কাজ চলছে। এই প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের আগে থেকেই রাশিয়ান টিকা দেওয়া হচ্ছে। যা এখনো চলমান আছে। এখন রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশি প্রকৌশলী ও কর্মকর্তাদেরও এ টিকা দেওয়া হচ্ছে।’
মন্ত্রী জানান, রাশিয়ার পারমানবিক শক্তি সংস্থা রোসাটমের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা সাতশ ডোজ রাশিয়ান টিকা বাংলাদেশি কর্মকর্তাদের উপহার হিসেবে দেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, ‘করোনা মহামারিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ একদিনের জন্যেও বন্ধ হয়নি। প্রকল্পে প্রতিদিন দেশি-বিদেশি কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কাউকে আক্রান্ত মনে হলে অথবা উপসর্গ দেখা দিলে তাকে আলাদা করে অবজারভেশনে রাখা হচ্ছে। এজন্য পারমানবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় একটি অবজারভেশন সেন্টার খোলা হয়েছে। প্রয়োজন হলে আইসলেশনে নেওয়া হচ্ছে।’
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে প্রকল্পে অতিরিক্ত লোক নিয়োগ দিতে হয়েছে বলে জানান পিডি।
তিনি বলেন, ‘বর্তমানে প্রকল্পে দেশি-বিদেশি মিলে প্রায় ৩০ হাজার কর্মী আছে। মহামারি পরিস্থিতি মোকাবিলা করে নির্ধারিত সময়েই কাজ শেষ করা হবে।’
সেখানে উপস্থিত ছিলেন, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি, রাশিয়ান চিকিৎসক মরোজভ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ও সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ।

