ঈশ্বরদীতে গভীর রাতে অক্সিজেন নিয়ে যাওয়ায় সমালোচনা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: পাবনা সিভিল সার্জনের নির্দেশে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গভীর রাতে অনুদানের ১৭টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পাবনার স্বাস্থ্য বিভাগ। সমালোচনার মুখে শেষমেশ সে গুলো ঈশ্বরদীতে ফেরত পাঠিয়েছেন সিভিল সার্জন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে সিভিল সার্জনের নির্দেশে ঈশ্বরদী থেকে ১৭টি অক্সিজেন সিলিন্ডার পাবনা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান। তিনি বলেন, সিভিল সার্জন বুধবার রাত সাড়ে ১১টায় ফোনে দিয়ে পাবনায় ২০টি অক্সিজেন সিলিন্ডার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে থাকা ব্যবসায়ী জালাল উদ্দিন তুহিনের দেওয়াসহ মোট ১৭টি সিলিন্ডার পাবনায় পাঠিয়ে দেই। আমি স্যারের নির্দেশই অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছি। তবে পুনরায় সেগুলো পাবনা থেকে ফেরত পাঠানো হয়েছে।”

জানা গেছে, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে পড়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনার সিভিল সার্জন অফিস। একপর্যায়ে পাবনা থেকে বিকেলের মধ্যে অক্সিজেন সিলিন্ডার গুলো ঈশ্বরদীতে ফেরত পাঠান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। বৃহস্পতিবারও ঈশ্বরদীতে ১৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ অবস্থায় ঈশ্বরদীর রোগীদের ঝুঁকিতে ফেলে গভীর রাতে অনুদানেরর অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার ঘটনায় ঈশ্বরদীতে সাধারণ মানুষের নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা বলেন, ‘ঈশ্বরদী করোনার হটস্পট। সিভিল সার্জন এভাবে গভীররাতে গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে যায় আমরা উদ্বিগ্ন।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস বলেন, ‘বিষয়টি তিনি জেনেছেন। তবে অক্সিজেন সিলিন্ডারগুলো অনুদানের হাওয়ায় মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে তিনি বিষয়ে খোঁজ-খবর নিবেন।’

যোগাযোগ করা হলে পাবনা সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বলেন, ‘পাবনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অক্সিজেন সিলিন্ডারগলো আনা হয়েছিল। তবে ঢাকা থেকে অক্সিজেন চলে আসায় তা আবার ফেরত পাঠিয়েছি।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন