![]() |
| ব্যবসায়ী- শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী বিতরণ। |
নিজস্ব প্রতিবেদক: ‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনা কে না বলি, জীবনকে হ্যাঁ বলি’- এই স্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীতে এফবিসিসিআইয়ের সহযোগিতায় চারটি অক্সিজেন সিলিন্ডার ও একটি অক্সিজেন জেনারেটর বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামিমের হাতে এসব সামগ্রী তুলে দেন বাংলাদেশ অটো রাইসমিল ওনার অ্যাসোসিয়েটের জেনারেল সেক্রেটারি মো: এম এ আজিজ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। করোনা মহামারীর এ সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণের উদ্যোগের জন্য এফবিসিসিআই এর ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি বলেন, 'প্রধানমন্ত্রী ভ্যাকসিন সমস্যার একটি সুষ্ঠু সমাধান করেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশেই ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।'
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইসহাক আলী মালিথা ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ প্রমুখ।
এ বিষয়ে মো: এম এ আজিজ সাংবাদিকদের জানান, ‘এফবিসিসিআই ব্যবসায়-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জাতীয় যে কোন গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলায় নেতৃত্ব দিয়ে থাকে। ২০১৩ সালে সংঘাত, প্রাণহানি, শিল্প-বাণিজ্য ধ্বংসের পথ পরিহার করে শান্তির স্বপক্ষে সারা দেশের ব্যবসায়ী সমাজ সাদা পতাকার মানব বন্ধন, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ২০২০ সালে সারা দেশে মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। করোনা মহামারীতে গত বছর চিকিৎসকদের পিপিই দিয়েছে। তারই ধারাবাহিকতায় মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করছে এফবিসিসিআই।’
এরআগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাশুড়িয়ায় ডাক্তার রফিকুল ইসলাম মেডিকেয়ার সেন্টারে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার, দুটি অক্সিজেন জেনারেটর এবং ১০ হাজার মাক্সসহ বিনামূল্যে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।

