![]() |
| ২০০ টন অক্সিজেনবাহী ট্রেন। |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী জংসন স্টেশনে পৌঁছেছে করোনা মোকাবিলায় ভারত থেকে আনা ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারী ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন।
আজ রোববার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ঈশ্বরদী জংসন স্টেশনে এসে পৌঁছায়। প্রায় ২৫ মিনিট বিরতি শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এরপর ‘অক্সিজেন এক্সপ্রেস’-এর ১০টি কনটেইনারে আসা তরল অক্সিজেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে সড়কপথে রাজধানীতে নেওয়া হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, করোনা মোকাবিলায় ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা ২০০ টন তরল অক্সিজেন গতকাল শনিবার রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনারবাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ রওয়ানা হয়ে আজ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে তরল মেডিকেল অক্সিজেন বুঝে নিতে উপস্থিত ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড-এর প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর উর রহমান প্রমুখ।
আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড-এর প্রশাসনিক কর্মকর্তা জানান, করোনা মোকাবিলায় আমদানি করা তরল মেডিকেল অক্সিজেন সড়কপথে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় নেওয়া হবে। সেখান থেকে চলমান করোনার মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।
এর আগে টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহণের চাহিদা জানানো হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ১০টি কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে।

