![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় আজ শনিবার ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে সংক্রমণের হার ৪৫ দশমিক ০৭ শতাংশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় চলতি জুন মাসের ১৯ তারিখ থেকে আজ শনিবার বিকেল ৪টা পর্যন্ত ২৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫০ জনের। শনাক্তের হার ৫০ শতাংশের বেশি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ঈশ্বরদীতে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়েছিল গত বছরের মে মাসের ৮ তারিখে। উপজেলায় করোনা মহামারি শুরু হবার পর থেকে এ পর্যন্ত ৭৬ হাজার ৭৮৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪০ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৬ জন। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। চলতি বছরের জানুয়ারী ৬২, ফেব্রুয়ারি ৮৪, মার্চ ১০২, এপ্রিল, ৯২ ও মে ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে চলতি জুন মাসের প্রথম ২৩ দিনেই সরকারী এবং বেসরকারী ভাবে ৬ হাজার ৫২৬ জনের নমুনা সংগ্রহ করে ৫৫২ জন করোনা আক্রান্ত। সংক্রমনের হার ৮ দশমিক ০৪ শতাংশ।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান বলেন বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে। এতে হাসপাতালের সাধারণ রোগীদের সেবাদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে গ্রাম থেকে আসা রোগীর আত্মীয়-স্বজনদের অসচেতনতা ও উদাসীনতার কারণে সর্বত্রই করোনা সংক্রমণের ঝুকি বাড়ছে।’
পাবনা জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, চলতি মাসে প্রতিদিনই আগের দিনের চেয়ে শনাক্তের হার বাড়তে দেখা যাচ্ছে। এই হার কমাতে হলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা বাঞ্ছনীয়।

