রূপপুর প্রকল্পের ওয়াচ টাওয়ার প্রবেশ, ৮ যুবক আটক

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত (কেপিআই) এলাকার মধ্যে বিনানুমতিতে প্রবেশ করা নিয়ে সাদাপোষাকধারী সেনাসদস্যদের সাথে অশোভন আচরণ ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে ঈশ্বরদীর আট যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার দিকে ঈশ্বরদীর পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন এলাকা থেকে এ আটকের ঘটনা ঘটে।পুলিশ যুবকদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও নয়টি মোবাইল ফোন জব্দ করেছে।

আটক ওই যুবকেরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল মিয়ার ছেলে শাওন ইসলাম (২২), আলাউদ্দীন আহমেদের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুন ইসলামের ছেলে শান্ত ইসলাম (২১), নুরুল হুদার ছেলে ফজলে রাব্বী (২০), সিরাজ উদ্দিনের ছেলে বাপ্পী (২০) ও মুন্না হোসেন (১৯)।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকেরা মোটরসাইকেল বহর নিয়ে শনিবার সন্ধ্যায় পাকশী পদ্মানদীর তীরবর্তী রূপপুর প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ার এলাকায় বিনানুমতিতে প্রবেশ করলে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশনের কাগজ দেখতে চায়। এ সময় যুবকেরা উত্তেজিত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন কি পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের হত্যার হুমকিও দেয়। বিষয়টি তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যুবকদের আটক করে।

রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আটক যুবকদের রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন