একাংশের সংবাদ সম্মেলন: ঈশ্বরদী পৌর যুবদলের কমিটি বাতিলের দাবি

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল।

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী পৌর যুবদলের দুটি অংশের কোন্দল প্রকাশ্য হয়ে উঠেছে। একটি অংশ সংবাদ সম্মেলন করে আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে।

আজ বুধবার দুপুরে সদরের বাবুপাড়ায় আলহাজ খায়রুজ্জামান বাবু ঈদগাহ মাঠ সংলগ্ন ব্রার্দাস ইউনিয়নের কার্যালয়ে ‘যুবদল ঈশ্বরদী পৌর শাখা’ ব্যানারে এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল।

লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, গেল ২ মে রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এতে পৌর শাখায় তাঁকে আহবায়ক ও একেএম সাজেদুজ্জামান জিতুকে সদস্য সচিব করা হয়। কিন্তু ওই রাতেই আকস্মিকভাবে ঈশ্বরদী পৌর যুবদলের আরেকটি আহবায়ক কমিটি একই ভাবে প্রকাশ করা হয়। যেখানে তাঁকে আহবায়ক ও আলী জুবায়ের প্রতীককে সদস্য সচিব করা হয়। এর প্রক্ষিতেই পরদিন যুবদল পাবনা জেলা শাখা, জাকির হোসেনকে আহবায়ক ও আলী জুবায়েক প্রতীককে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর যুবদলের ৪২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের  স্বৈরাচারী ও দল ধ্বংসের প্রতিফলন আজকের এই পৌর যুবদলের আহবায়ক কমিটি। যেখানে বাদ পড়েছে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলসহ দলের দুঃসময়ের নেতাকর্মীরা। অথচ যারা ১৩-১৪ বছর ধরে দলের কোন কর্মসূচিতে অংশ গ্রহণ না করে কমিটিতে অর্ন্তভুক্ত হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি করতে হবে। তা না হলে পরবর্তীতে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কোন কর্মসূচীতে অংশ গ্রহণ করবে না। এছাড়াও এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা না হলে পৌর যুবদলের আহবায়ক কমিটি থেকে অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের আহবায়ক আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা বিএনপির একাংশের যুগ্ন আহবায়ক আহসান হাবীব, বিএনপি নেতা বিস্টু সরকার, আতাউর রহমান পাতা, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, যুবদল নেতা একেএম সাজেদুজ্জামান জিতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তব্য জানতে বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

তবে নাম প্রকাশ না করার শর্তে আহ্বায়ক কমিটির এক সদস্য বলেন, সার্বিক পরিস্থিতির কারণে সংগঠন এখন নিষ্ক্রিয়। তা কাটাতে কেন্দ্রের নির্দেশে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। এসব কমিটিতে স্থান না পাওয়াদের নিয়ে একটি পক্ষ পুরোনো বিভক্তির সূত্র ধরে নতুন করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন