![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আপন চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে শিশুটির চাচাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আসাদুল বিশ্বাস (৩৫)। সে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচড়া দক্ষিণপাড়া মহল্লায় মৃত শের আলী বিশ্বাসের ছেলে। আসাদুল এবার সলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ড মেম্বারপ্রত্যাশী। নির্বাচনে প্রার্থী হতে তিনি এলাকায় প্রচুর ব্যানার-পোষ্টারও টাঙ্গিয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, শিশুটির বাবা মা দুজনই দিনমজুর। গত ১৬ এপ্রিল শুক্রবার রাত আটটার দিকে নিজ বাড়ির একটি ঘরে খেলছিল শিশুটি। তার ছোট তিনবোন পাশের কক্ষে ঘুমাচ্ছিলো। বাড়িতে তখন বড় কেউ ছিলো না। এই সুযোগে চাচা আসাদুল বিশ্বাস শিশুটিকে খেলনা কিনে দেওয়ার কথা বলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিয়ে শিশুটি তখন কান্না শুরু করলে আসাদুল পালিয়ে যান। কিছুক্ষণ পর মা বাড়িতে এলে শিশুটি সব ঘটনা খুলে বলে।
এ বিষয়ে শিশুটির মা বলেন, "আমি এই ঘটনার বিচার চাই।আমার ভাই এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত- এটা আমি ভাবতেই পারছি না।"
পুলিশ জানায়, ঘটনাটি জানাজানি হলে সোমবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী আসাদুলকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আসাদুলকে আটক করে থানায় নিয়ে আসে। এরপরই শিশুটির মা থানায় এসে আসাদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আসামী আসাদুল বিশ্বাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঈশ্বরদী মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

