![]() |
| ঈশ্বরদী রূপপুর প্রকল্প রেললাইনে প্রথম ট্রায়াল রান |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী শহর থেকে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ঈশ্বরদী- রূপপুর প্রকল্প সেকশনে নতুন রেলপথ দিয়ে গ্যাংকার ট্রেনের প্রথম পরীক্ষামূলক বা ‘ট্রায়াল রান’ চলাচল করেছে। গ্যাংকারটি আজ মঙলবার দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরদী জংশন স্টেশন থেকে রওনা দিয়ে ১টা ৩০ মিনিটে নবনির্মিত পাকশী রেল ষ্টেশনে এসে পৌছায়।
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পরীক্ষামূলক গ্যাংকার ট্রেন যাত্রার উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মো: আসাদুল হক।
রেল সূত্র জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভারী মালামাল পরিবহণের জন্য “সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের” আওতায় ঈশ্বরদী থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত নতুন রেলপথে ট্রায়াল রান করা হয়। ধীরগতিতে গ্যাংকারটি নতুন রেললাইনে টেকনিক্যাল পর্যবেক্ষণ করে এক ঘণ্টায় পাকশীর নতুন স্টেশনে পৌঁছায়। এসময় পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ শাহীদুল ইসলাম, ডিএন-২ আব্দুর রহিম, বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানা গেছে, ৩৩৫ কোটি টাকা ব্যয়ে ২৬.৫২ কিলোমিটার দৈর্ঘ্য নতুন এই রেললাইনটি ২০১৮ সালের শেষের দিকে নির্মাণের কাজ শুরু করে। প্রকল্প পরিচালক মো: আসাদুল হক জানান, কাজের গুনগতমান বজায় রেখে লাইনের নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এটি অগ্রাধিকারের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।

