ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিন থেকে ফেন্সিডিল উদ্ধার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রেলওয়ের যাত্রাবাহী একটি ট্রেনের ইঞ্জিন থেকে ৫১ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

মঙ্গলবার (০৯ মার্চ) ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকার রেলওয়ে লোকোমোটিভ শেডের ডিপো এলাকায় পরিত্যক্ত অবস্থায় এ ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দু’জন মাদক ব্যবসায়ী মধুমতি ট্রেনের ইঞ্জিনের মধ্যে প্লাস্টিকের বস্তায় ভরে মাদক নিয়ে ডিপোর অভিমুখে যাচ্ছে - এমন খবর পেয়ে দায়িত্বরত আরএনবির একটি দল সেখানে পৌঁছায়। তাঁদের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলগুলো ফেলে পালিয়ে যায় রেলওয়ের দুই কর্মচারী। পরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে এই খবরের সত্যতা নিশ্চিত করে পশ্চিম রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চীফ কমান্ডেন্ট আশরাফুল ইসলাম বলেন, ট্রেনের ইঞ্জিনের অভ্যন্তরের প্যানেলের ভেতর বিশেষভাবে ফেনসিডিল লুকিয়ে রাখা হয়।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার ঘটনাটি লোক মুখে শুনেছেন স্বীকার করে বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন