৬ বছর পর আটঘরিয়া উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন: পুনরায় রতন সভাপতি

পাবনা প্রতিনিধি: দীর্ঘ ৬ বছর পর পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার । 

সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় শহিদুল ইসলাম রতন পুন:রায় সভাপতি ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এদিন বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম প্রমুখ।

এই সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব পড়ে পুরো আটঘরিয়া জুড়ে। এ উপজেলার রাস্তা-ঘাটে ঝোলানো হয় প্রচুর ব্যানার বিলবোর্ড।

উপজেলার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে সকাল ১১ টায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের  সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে সম্মেলন শুরু হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন