শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

ঈশ্বরদীতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঈশ্বরদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে শহরের ষ্টেশন রোড বাজারের প্রধান সড়কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা হিন্দু ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল অধিকারীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাঁড়া ইউনিয়ন ছাত্র পরিষদের নির্বাহী সভাপতি শ্রাবণ কুন্ডু, হরেকৃষ্ণ সংঘ পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিপু রায়, সাংস্কৃতিক কর্মী দয়াল ঘোষ, উপজেলা হিন্দু মহাজোটের যুগ্ম সম্পাদক দিপংকর কুমার, বাংলাদেশ হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি উত্তম সাহা, ব্যবসায়ী ডা. সুজয় কুমার কুন্ডু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘আমরা এক দেশের নাগরিক। আমাদের ধর্ম আলাদা হতে পারে। কিন্তু, রাষ্ট্র আমাদের সবার। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের কাছে আমাদের দেশ ও দেশের ভাবমূর্তিকে ছোট করতে একটি কুচক্রী মহল সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে এ হামলা চালানো হয়েছে।’

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশকে যারা অশান্ত করে দিতে চায় তাদের ব্যাপারে কঠোর হতে হবে। মসজিদে মাইকিং করে যেসব উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় এসব বন্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনকারীদের কঠোরভাবে দমন করতে হবে সরকারকে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন