প্রধানমন্ত্রীর উপহার পেলেন ঈশ্বরদীর হিরক

মাসব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হিরকের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কারের চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

নিজস্ব প্রতিবেদক:  ছোট ছোট মাটির ব্যাংকের নাম দেওয়া হয় কষ্ট ব্যাংক। কিন্তু নামে কষ্ট ব্যাংক হলেও তা ছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এক যুবকের গভীরতম ভালোবাসা। কেন না, ১০ বছর ধরে এই কষ্ট ব্যাংকে জমা করা টাকা দিয়েই জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ১২০ ফুট দীর্ঘ ৮০০ পাউন্ডের সুদৃশ্য কেক এবং ৫০ পাউন্ডের বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করেন বঙ্গবন্ধুপ্রেমিক প্রতিবন্ধী যুবক হিরক আহমেদ (৩১)।

বঙ্গবন্ধুর প্রতি হিরকের এ অকৃত্রিম ভালোবাসার খবর গণমাধ্যমের বদৌলতে পৌঁছে যায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে। অতঃপর জাতির পিতার প্রতি ভালোবাসার অর্ঘ্য হিসাবে তাকে পুরস্কার দেওয়া হয় ১ লাখ ১ হাজার টাকা। পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শুক্রবার রাতে মাসব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হিরকের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কারের চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

হিরক আহমেদ ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর মধ্য অড়োনকোলা গ্রামের সানাউল হকের ছেলে। মোটরসাইকেল দুর্ঘটনায় হিরকের এক হাত কাটা পড়লেও অদম্য আগ্রহে কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে তিনি এ দুরূহ কাজটি সম্পন্ন করেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সংসদ-সদস্য নুরুজ্জামান বিশ্বাস আনুষ্ঠানিকভাবে ঈশ্বরদীতে এ কেক কাটেন।

হিরক আহমেদ বলেন, আমরা ১ ভাই ও ১ বোন। বাবার স্থানীয় আলহাজ মোড় বাজারে ছোট একটি মোটরসাইকেল পার্টসের দোকান আছে। তার আয় দিয়ে ছোট্ট সংসারের খরচ কোনো মতে চলে যায়। ২০০৯ সালে এইচএসসি পাশ করে আমার বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসার জন্ম হয়। আর এ ভালোবাসা থেকেই প্রতিজ্ঞা করি তার জন্মশতবার্ষিকীতে দেশের বৃহত্তম কেক কেটে গিনেস বুকে নাম লেখাব। জাতির পিতার জন্মদিনে এটি বাংলাদেশের সবচেয়ে বড় কেক হওয়ায় বিষয়টি সবার দৃষ্টিতে পড়ে। ১৯ মার্চ সন্ধ্যায় পাবনার বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হিরক আহমেদসহ তার পরিবারকে আমন্ত্রণ জানানো হয়। আয়োজকরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে হিরককে সংবর্ধনা ও পুরস্কৃত করার জন্য পাবনার বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা অঞ্জন চৌধুরী পিন্টুকে দায়িত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাস প্রমুখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন