ঈশ্বরদীতে এক বাইকে তিনজন: ট্রলির ধাক্কায় মা নিহত, ছেলেমেয়ে আহত

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ইট বোঝায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল যাত্রী সেবা খাতুন (৪৫) নামে একজন মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুকন্যা সুমাইয়া (৬) ও মোটরসাইকেল চালক ছেলে সাব্বির হোসেন (২৫)। এরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ শনিবার দুপুরে পাকশী-পাবনা আঞ্চলিক সড়কের সাহাপুর মসজিদ মোড়ে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়,  উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর থেকে সাব্বির হোসন তাঁর মোটরসাইকেলের পেছনে মা ও বোনকে নিয়ে সাহাপুরের নতুনহাটে তাঁর মামা বাড়ি বেড়াতে আসছিলেন। সাব্বির হোসেন মোটর সাইকেলের চালক ছিলেন। দুপুর ১২টার মোটর সাইকেলটি সাহাপুর মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা ইট বোঝায় একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই মোটরসাইকেল থেকে পাঁকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ট্রলির ধাক্কায় মোটর সাইকেলের পেছনে বসে থাকা সেবা খাতুনের মাথা থেঁতলে ছিন্ন বিছিন্ন হয়ে তিনি  ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পাঠান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।


স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন