‘ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক’ অনুমোদন

বই উৎসব। ফাইল ছবি

বিশেষ প্রতিবেদন: দেশের শিক্ষাব্যবস্থার দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ের জন্য ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক’ অনুমোদন দিয়েছে সরকার।  সোমবার এ–সংক্রান্ত স্টিয়ারিং কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এটি অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

উচ্চশিক্ষার জন্য ২০১৯ সালে ইউজিসির করা ‘ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ এবং ২০২০ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের করা বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের সমন্বয়ে একটি অভিন্ন ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। এটিকে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক হিসেবে অনুমোদন করা হয়েছে।

এই ফ্রেমওয়ার্কে শিক্ষাব্যবস্থাকে দুটি অংশের মাধ্যমে ১০টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে প্রি-ব্যাচেলর এডুকেশন (লেভেল ১ থেকে লেভেল ৬) এবং দ্বিতীয় ভাগে হায়ার এডুকেশন (লেভেল ৭ থেকে লেভেল ১০)।

কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রমে গতিশীলতা পাবে। প্রথমে শিক্ষাব্যবস্থার বিভিন্ন ধারার সঙ্গে সমন্বয় করে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী এনে এটি উপযোগী করতে হবে।

সভায় আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী প্রমুখ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন