করোনার টিকা নেওয়ার সময় পুরুষ নার্সকে বিয়ের প্রস্তাব!

ভ্যাকসিন নিতে নিতেই নার্সকে বিয়ের প্রস্তাব ।

সংবাদ ডেস্ক: করোনার টিকা গ্রহণ করতে করতেই এক পুরুষ নার্সকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আরেক যুবক। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ছিল প্রেমের সম্পর্ক। তারা সমকামী যুগল। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যের দক্ষিণ ডাকোটার এক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে এমন অবাক করা ঘটনা। 

তাদের একজন দেশটির জরুরি স্বাস্থ্য পরিসেবার সুপার ভাইজার রবি ভারগাস করটেস এবং আরেকজন পুরুষ নার্স এরিক ভ্যান্ডারলি। করোনার শুরু থেকেই বিগত এক বছর ধরে একবারে সামনের সারিতে দাঁড়িয়ে মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তারা। বিয়ের প্রস্তাবও ছিল নাটকীয়তায় ভরপুর। 

বিয়ের প্রস্তাব জানিয়েছেন রবি নিজেই। আগে থেকে পরিকল্পনা করে নিজের জামার হাতার নিচে লুকিয়ে রেখেছিলেন আংটি। টিকা দিতে রবির জামার হাতা গোটালে এরিকের চোখ পড়ে আংটির দিকে। ঠিক সেসময়েই তাকে বিয়ের জন্য প্রস্তাব দেন রবি। এমন দৃশ্যের অবতারণার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এরিক। কিছুটা ঘাবড়ে যান তিনি। 

উপস্থিত সহকর্মীদের জিজ্ঞেস করতে থাকেন, ‘আমি কি ঠিক দেখছি?’ তবে, সঙ্গীর প্রস্তাবে সায় দিতে দেরি করেননি তিনি। স্বাস্থ্যকেন্দ্রেই করলেন ঘর বাঁধার অঙ্গীকার। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছে স্ট্যান্ডফোর্ড হেলথ সেন্টার। ভিডিওটি দেখে অনেকই শুভ কামনা জানিয়েছেন তাদের। অনেকে আবার নেতিবাচক মন্তব্যও করেছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন