ঈশ্বরদীতে ১দিনে সড়কে প্রাণ গেল তিনজনের

প্রতীকী ছবি

সংবাদ ডেস্ক: ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

জানা গেছে, রোববার (০৩ জানুয়ারি) সকালে নসিমন উল্টে দুই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক (৩৩) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪৪) । নিহতরা সবাই দুই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিক।

থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার একটি নসিমনে (স্থানীয় তিন চাকার যানবাহন) করে ৫ জন শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান। অন্যদের সেখান থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
অন্যদিকে, ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহতের নাম রহমান (৪৫)।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝলসা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালের দিকে নসিমন চালক রহমান পাকশী থেকে আওতাপাড়া হাট এলাকায় যাওয়ার পথে সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর কদিমপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাক নসিমনকে সামনে থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত রহমানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টায় তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, “মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি এখন পুলিশের হেফাজতে রয়েছে।”

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন